‘রাজশাহীকে প্রযুক্তি নগরী গড়তে প্রধানমন্ত্রীর উপহার’

১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৪৪  
রাজশাহীকে প্রযুক্তি নগরী করতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর এন্ড ট্রেনিং সেন্টার’ প্রধানমন্ত্রীর অনন্য উপহার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১২ ফেব্রুয়ারি) বঙ্গভবন থেকে সেন্টারটির উদ্বোধন শেষে সেন্টারটি রাজশাহীকে ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। এক বার্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহীতে এক জনসভায় এই অঞ্চলের জন্য একটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আজ তিনি ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর এন্ড ট্রেনিং সেন্টার’ এর উদ্বোধন করে রাজশাহীবাসীর স্বপ্ন অনেকটাই পূরণ করে দিলেন’, যোগ করেন তিনি। পলক আরো বলেন, রাজশাহীকে একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দিলেন। প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের একটি ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে রাজশাহীর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।